বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় নেতা-কর্মীদের আচার-আচরণ ও কর্মকাণ্ডে আরও দায়িত্বশীলতা, সংযম ও জনসম্পৃক্ততা বজায় রাখা জরুরি।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘করব কাজ, গড়ব দেশ’ স্লোগানে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের ৭৫টি ইউনিয়নে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা মাঠে সক্রিয় ছিলেন, তাদের ত্যাগ ও জনপ্রিয়তা মূল্যায়ন করে প্রার্থী বাছাই করা হলে নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য আসবে।
তিনি আরও বলেন, সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা কার্যক্রমের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে নেতা-কর্মীদের সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই এখন প্রধান দায়িত্ব। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলের অভ্যন্তরীণ মতভেদ প্রকাশ না করে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের পর বাগেরহাট জেলা কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং শহরের সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপণ করা হয়। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। রাতে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী আয়োজন।
kalprakash.com/IM