শিক্ষার্থীদের মাঝে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং র্যাগিংবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মশালা আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বাশারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন, ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুনসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মশালায় সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, শুধু শ্রেণিকক্ষের মধ্যেই নয়, পাঠ্যবইয়ের বাইরেও মেধার বিকাশ ঘটানো সম্ভব। সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনের পাশাপাশি ছাত্রসংগঠনেও যেন শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটে, সেজন্য নিয়মিত গঠনমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, একজন তখনই যোগ্য নেতা যখন তাঁর মধ্যে শিক্ষা, অভিজ্ঞতা ও সঠিক নেতৃত্বদানের ক্ষমতা থাকবে। মেধার বিকাশে এমন কর্মশালার পাশাপাশি বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, ক্যাম্পাসে মাদক ও র্যাগিংমুক্ত পরিবেশ বজায় রাখতে সচেতনতা জরুরি। ছাত্রদলের আজকের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি সুস্থ ক্যাম্পাস গড়ে উঠবে বলে আশা করি।
শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হতে হলে অবশ্যই পড়াশোনায় মনোযোগী হতে হবে। কোনো অবস্থাতেই মাদকের সঙ্গে জড়িত থাকা যাবে না এবং প্রতি মাসে অন্তত একটি করে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে অংশ নিতে হবে।
সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, কুবি ছাত্রদলের ইউনিটকে সুসংগঠিত ও শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ক্যাম্পাস পুরোপুরি মাদক ও র্যাগিংমুক্ত হলেই একটি সত্যিকারের শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।
kalprakash.com/IM