ঢাকার সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তালিকা থেকে আবারও অধিকতর যুক্তিতর্কের জন্য উত্তোলন করেছেন আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে কোনো পক্ষের আবেদন ছাড়াই বিচারক স্বপ্রণোদিতভাবে রায় ঘোষণা স্থগিত রেখে অধিকতর যুক্তিতর্কের জন্য আগামী ৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামি সোহেল রানা দুদকের এ মামলায় জামিনে থাকলেও হত্যা মামলায় কারাগারে রয়েছেন। এদিন তাঁকে কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। মামলার অপর আসামিদের মধ্যে সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল ও লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব আদালতে উপস্থিত ছিলেন। তবে সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান ও সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম শুরু থেকেই পলাতক। বিচার চলাকালে রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন মারা যাওয়ায় তাঁদের মামলা থেকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, রানা প্লাজা নামে সাততলা শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য ২০০৬ সালের ১০ এপ্রিল নকশা অনুমোদন করে সাভার পৌরসভা। পরবর্তীতে ২০০৮ সালে ভবনের ওপর আরও তলা নির্মাণের আবেদন করা হয়। শপিং কমপ্লেক্স নির্মাণের কথা বলা হলেও নিয়মবহির্ভূতভাবে সেখানে পাঁচটি পোশাক কারখানা স্থাপনের অনুমতি দেয় পৌর কর্তৃপক্ষ।
২০১৩ সালের ২৪ এপ্রিল ভয়াবহ ভবন ধসে ১ হাজার ১৩৬ জন মানুষ নিহত এবং সহস্রাধিক শ্রমিক আহত হন। ঘটনার পর নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় মামলা দায়ের করে দুদক। ২০১৭ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে মামলায় মোট ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
kalprakash.com/IM