ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যারাবিক ক্লাব’-এর উদ্যোগে আরবি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এ আয়োজন করে সংগঠনটি। এতে বিভাগটির ৪১ জন শিক্ষার্থী অংশ নেন।
সংগঠনটির সভাপতি আমির ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালাম এবং একই বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘রবিউল আউয়াল আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ সম্পর্কে নতুন করে জানার ও তা নিজেদের জীবনে ধারণ করার সুযোগ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও রসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যাশা করি, আরবি ভাষা ও ইসলামী ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে অ্যারাবিক ক্লাব ভবিষ্যতেও গঠনমূলক কার্যক্রম পরিচালনা করবে।’
সংগঠনটির সভাপতি আমির ফয়সাল বলেন, ‘আরবি ভাষা ও সাহিত্যচর্চার পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এ রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। ভবিষ্যতে আরবি ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করতে অ্যারাবিক ক্লাব বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।’
kalprakash.com/IM