আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়ে ৬৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের দিক থেকে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে।
আইএমএফের এই পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা উল্লেখযোগ্য গতি পাবে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনীতিকে পেছনে ফেলে আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বাংলাদেশ।
কানাডাভিত্তিক সংবাদ ও গবেষণা সংস্থা ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
আইএমএফের প্রক্ষেপণে বলা হয়, ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপির আকার দাঁড়াবে ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলার। এছাড়া ভিয়েতনামের অর্থনীতির আকার ৬৬৭ দশমিক ৫ বিলিয়ন, থাইল্যান্ডের ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন এবং ডেনমার্কের অর্থনীতি ৫৮৯ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছাবে। সংশ্লিষ্ট দেশগুলোর সম্ভাব্য জিডিপির পরিমাণের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
অন্যদিকে ২০৩০ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে শীর্ষস্থান ধরে রাখবে যুক্তরাষ্ট্র। দেশটির মোট জিডিপির আকার বেড়ে প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকবে চীন, যার সম্ভাব্য অর্থনীতির আকার হবে প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার।
তৃতীয় স্থান নিয়ে জার্মানি ও ভারতের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে। ২০৩০ সালে এই দুই দেশের অর্থনীতির ব্যবধান নেমে আসবে মাত্র ৫ বিলিয়ন ডলারে। সে সময় জার্মানি, ভারত ও যুক্তরাজ্যের জিডিপি দাঁড়াবে যথাক্রমে ৬ হাজার ১৭৮ বিলিয়ন, ৬ হাজার ১৭৩ বিলিয়ন এবং ৫ হাজার ১৪৮ বিলিয়ন ডলার।
বর্তমানে শীর্ষ পাঁচটি দেশ বৈশ্বিক জিডিপির ৫৩ দশমিক ৩ শতাংশ উৎপাদন করে থাকে, যার মধ্যে এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রের দখলে। এছাড়া শীর্ষ ১০টি বৃহত্তম অর্থনীতির বাকি দেশগুলো হবে জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডা।
আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্যানুযায়ী, আগামী পাঁচ বছরে বিশ্ব অর্থনীতি দ্রুতগতিতে সম্প্রসারিত হবে। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পেতে পারে। এর ফলে ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির মোট আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
kalprakash.com/IM