শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৪:৩৭

গাবতলী-পুরান ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন মেট্রোরেল: ব্যয় ৬০ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:৫৮
শেয়ার: mail
গাবতলী-পুরান ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন মেট্রোরেল: ব্যয় ৬০ হাজার কোটি টাকা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন একটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘এমআরটি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) লাইন-২’ নামের এই মেট্রো লাইনটি রাজধানীর অন্যান্য মেট্রোরেল রুটকেও পরস্পরের সঙ্গে সংযুক্ত করবে।

মেট্রোরেল লাইন-২ প্রকল্পে মোট ২৪টি স্টেশন থাকবে এবং এর মোট দৈর্ঘ্য হবে প্রায় ৩৫ কিলোমিটার। এই রুটে পাতাল (আন্ডারগ্রাউন্ড) ও উড়াল (এলিভেটেড)—উভয় ধরনের পথ থাকবে। প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। ব্যয়ের বড় জোগান দেবে বিশ্বব্যাংক। এছাড়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকও (এআইআইবি) এতে ঋণ সহায়তা দিতে সম্মতি প্রকাশ করেছে।

চলতি বছরের শেষভাগে অথবা আগামী বছরের শুরুতে কাজ শুরু করে ২০৩০ সাল নাগাদ এই রুটে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের প্রাথমিক সমীক্ষার জন্য গাবতলী থেকে ডেমরা এবং গাবতলী থেকে ডেমরা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত রুট বিবেচনা করার প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের মতামত অনুযায়ী, প্রকল্পের রুট বিন্যাসে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করে গত মে মাসে প্রাক প্রকল্প উন্নয়ন প্রস্তাব (পিডিপিপি) প্রস্তুত করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, এই লাইনটি গাবতলী থেকে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত চলাচল করবে। এর মধ্যবর্তী স্টেশনগুলোর মধ্যে রয়েছে—ঢাকা উদ্যান, বছিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাপ্তানবাজার ও ডেমরা। এছাড়া গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত এর একটি শাখা লাইন (স্পার লাইন) নির্মাণেরও প্রস্তাব রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেট্রো লাইন-২ প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংক ও এআইআইবির সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিনিধিদল মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে এমআরটি-২ প্রকল্পে অর্থায়নের বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরে। বৈঠকে বিশ্বব্যাংকের কাছে ৫৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এআইআইবির সঙ্গেও ঋণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সে অনুযায়ী পরিকল্পনা কমিশনে পিডিপিপি পাঠানো হয়েছে।

বর্তমানে পরিকল্পনা কমিশন এমআরটি লাইন-২ প্রকল্পের পিডিপিপি পর্যালোচনা করছে। কমিশনের চূড়ান্ত মতামত পাওয়ার পর ঋণচুক্তি ও অর্থায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য প্রস্তাবটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হবে। এরপর পূর্ণাঙ্গ সমীক্ষাসহ প্রকল্পের মূল নির্মাণকাজের প্রক্রিয়া শুরু হবে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমেদ জানান, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পিডিপিপি প্রস্তাব যাচাই-বাছাই করা হয়েছে। বৈদেশিক অর্থায়নের নিশ্চয়তা পেতে এটি দ্রুতই ইআরডিতে পাঠানো হবে। তিনি বলেন, “প্রস্তাবিত এমআরটি-২ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবহন করিডোর। কারণ এটি রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান ঢাকাকে মেট্রো নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে।”

ইআরডির বিশ্বব্যাংক উইংয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মেট্রোরেল-২ প্রকল্পে ঋণ সহায়তা দিতে বিশ্বব্যাংকের নীতিগত সম্মতি রয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়েও এ বিষয়ে কয়েক দফায় আলোচনা হয়েছিল। তবে তৎকালীন সরকার প্রাথমিক সমীক্ষার জন্য বিশ্বব্যাংকের প্রস্তাবিত ঋণ গ্রহণ করেনি।

জানা গেছে, বর্তমান সরকার মেট্রোরেলের চলমান ও প্রস্তাবিত সব প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও (এডিপি) মেট্রোরেল খাতের জন্য বড় অঙ্কের বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া নতুন এই লাইনটি পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে।

যাত্রীদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে এমআরটি লাইন-২-এর সঙ্গে অন্যান্য মেট্রো লাইনের কার্যকর সংযোগ থাকবে। এর মধ্যে গাবতলী অংশে এমআরটি লাইন-৫ (উত্তর ও দক্ষিণ), কমলাপুর অংশে এমআরটি লাইন-১, ৪ ও ৬ এবং সাইনবোর্ড স্টেশন অংশে এমআরটি লাইন-৪-এর সঙ্গে ইন্টারচেঞ্জ বা সংযোগ স্থাপিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গাবতলী-পুরান ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন মেট্রোরেল: ব্যয় ৬০ হাজার কোটি টাকা

বিস্তারিত কমেন্টে