শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:১৭:১৮

বন্যায় ৫১৭ বিদেশি নিখোঁজ, তবুও আন্তর্জাতিক উদ্ধারকারী দল ফিরিয়ে দিল নেপাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:৪৩
শেয়ার: mail
বন্যায় ৫১৭ বিদেশি নিখোঁজ, তবুও আন্তর্জাতিক উদ্ধারকারী দল ফিরিয়ে দিল নেপাল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভোটেকোশি নদীর আকস্মিক বন্যায় ৫১৭ জন বিদেশি নাগরিক নিখোঁজ থাকার পরও বিভিন্ন দেশের উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেপাল। দেশটির সরকারের দাবি, নিজস্ব নিরাপত্তা বাহিনীই উদ্ধার অভিযান পরিচালনায় পুরোপুরি সক্ষম।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সরকার বিদেশি উদ্ধারকারী দলের পরিবর্তে ‘ওয়ান-ডোর মেকানিজম’ বা একক ব্যবস্থার মাধ্যমে আর্থিক সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পর পুনর্গঠন পর্যায়ে অতিরিক্ত আর্থিক ও অন্যান্য সহায়তা চাওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার থেকে নিখোঁজ ৫১৭ জন বিদেশির মধ্যে রয়েছেন ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৩৫ জন অস্ট্রেলীয়, ৩৩ জন ব্রিটিশ, ২৫ জন কানাডীয়সহ আরও তিন ডজনেরও বেশি দেশের নাগরিক।

এদিকে চীনের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অন্তত ১০০ নাগরিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় আটকে পড়া দুই শতাধিক ভারতীয় নাগরিক এখনও উদ্ধারের অপেক্ষায় আছেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি।

তিনি জানান, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের সময় বিদেশি উদ্ধারকারী দলের আধিক্য এবং দেশগুলোর মধ্যকার সমন্বয়হীনতার তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপালের সেনাবাহিনী ও পুলিশের সুপারিশের ভিত্তিতেই সরকার নিজস্ব বাহিনীর ওপর আস্থা রাখছে।

বন্যাকবলিত বিদেশি নাগরিকদের সহায়তার লক্ষ্যে একটি ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) গঠন করেছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই দলটি নিখোঁজ বিদেশিদের অনুসন্ধান, তথ্য যাচাই এবং কনস্যুলার সহায়তা সমন্বয় করবে।

এ ছাড়া রসুয়া জেলার তিমুরে একজন আন্ডার সেক্রেটারির নেতৃত্বে বিশেষ টিম মোতায়েন করা হয়েছে, যারা মাঠপর্যায়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিখোঁজদের সর্বশেষ তথ্য সংগ্রহ করছে।

উদ্ধারকারী দল গ্রহণ না করলেও বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা নেপালকে মানবিক ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে। ভারত ইতোমধ্যে ৪৭ দশমিক ৫ টনের বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে এবং বেইলি ব্রিজ সরবরাহের প্রস্তাব দিয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং যুক্তরাজ্যও সংকট মোকাবিলায় নেপালের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বন্যায় ৫১৭ বিদেশি নিখোঁজ, তবুও আন্তর্জাতিক উদ্ধারকারী দল ফিরিয়ে দিল নেপাল

বিস্তারিত কমেন্টে