মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ এবার মঞ্চে নিয়ে আসছে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। উপন্যাসটি অবলম্বনে তিন দিনব্যাপী বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী ২৭, ২৮ ও ২৯ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টায় তেজগাঁও কলেজের অডিটোরিয়াম-১-এ নাটকটি মঞ্চস্থ হবে।
পদ্মাপাড়ের জেলে ও মাঝিদের বৈরী জীবনসংগ্রাম, দারিদ্র্য, স্বপ্ন, জটিল সম্পর্ক এবং মানবিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই বিশেষ প্রযোজনা।
নাটকটির নাট্যরূপ দিয়েছেন মো. রেজওয়ান এবং মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন সৈয়দ মুহাম্মদ জুবায়ের। প্রযোজনা অধিকর্তার দায়িত্বে আছেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।
তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রযোজনাটিতে কালজয়ী বিভিন্ন চরিত্রে রূপ দিচ্ছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে কেন্দ্রীয় কুবের চরিত্রে রাইসুল ইসলাম রোমান, কপিলা চরিত্রে নুসরাত লামিয়া এবং হোসেন মিয়া চরিত্রে অভিনয় করছেন আতিকুল ইসলাম। অন্যান্য চরিত্রে রূপ দিচ্ছেন মো. রেজওয়ান (গণেশ), তাসনিম হায়দার লুবনা (মালা), নুসরাত জাহান সাদিয়া (গোপি), মিনহাজ উদ্দিন নাকিব (রাসু), তুর্য দত্ত (ধনঞ্জয়, বৈকুণ্ঠ ও বঙ্কু), মাশরাফি সজিব (প্রীতম ও পুলিশ), এম সাইফুর রহমান (নকুল দাস ও আফিম ব্যবসায়ী), অন্তর মুন্সি (আমিনুদ্দিন ও ডাক্তার বাবু), রাহিম চৌধুরি সাগর (শীতল বাবু), শাহরিয়ার কাদির (শম্ভু) এবং ইসরাত বিনতে তুবা (আমিনুদ্দিনের মেয়ে)।
আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের পেশাদার অভিনয়চর্চা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। একই সঙ্গে সাধারণ নাট্যপ্রেমীদের জন্য এটি একটি চমৎকার সাংস্কৃতিক অভিজ্ঞতা উপহার দেবে।
kalprakash.com/IM