সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০০:৪৪

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা: ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৫২
শেয়ার: mail
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা: ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) প্রকাশিত ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা ঘিরে গমনেচ্ছুক কর্মী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত ওই তালিকায় বাংলাদেশি ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম রয়েছে। তবে বাংলাদেশ থেকে ঠিক কবে এবং কী প্রক্রিয়ায় কর্মী নিয়োগ শুরু হবে, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কম খরচে কর্মী পাঠানোর সুযোগ সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় মালয়েশিয়ার নিয়োগদাতা এবং নিয়োগের অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত ২৫টি এজেন্সির মধ্য থেকে পছন্দ অনুযায়ী এজেন্সি নির্বাচন করতে পারবে।

এ ছাড়া মাত্র ৬ হাজার টাকা ফি দিয়ে অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের অনুমোদন পাওয়া ৩১২টি এজেন্সিও এ প্রক্রিয়ায় কাজ করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পর্যায়ক্রমে অন্য এজেন্সিগুলোকেও এর আওতায় আনার চেষ্টা চলছে।

আরও একটি পরিবর্তন আনার কথা বলা হচ্ছে। ২৫টি অনুমোদিত এজেন্সির যেকোনো একটির অনুমোদনের আওতায় লাইসেন্সে কাজ এলে সেই লাইসেন্সের ভিত্তিতে বিএমইটির ছাড়পত্র নেওয়ার সুযোগ থাকবে। এতে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি বেশি সংখ্যক বৈধ এজেন্সির কাজ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুশি মালয়েশিয়াগামী কর্মীরা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদেশে যেতে ইচ্ছুক কর্মীরা। তাদের মতে, দেশটিতে তুলনামূলক ভালো মজুরি ও কর্মপরিবেশ রয়েছে। নতুন করে কর্মী যাওয়ার সুযোগ তৈরি হলে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।

নোয়াখালীর চাটখিলের মহিউদ্দিন রিংকু জানান, তার এক খালাতো ভাই ২০২৪ সালে মালয়েশিয়ায় গিয়ে ভালো প্রতিষ্ঠানে কাজ করছেন। তিনিও দীর্ঘদিন ধরে দেশটিতে যাওয়ার চেষ্টা করছিলেন। শ্রমবাজার চালুর খবরে এবার কম খরচে যেতে পারবেন বলে আশা করছেন তিনি।

পাবনার চাটমোহরের পারভেস আলমও একই ধরনের আশার কথা জানিয়েছেন। ২০২৪ সালে চেষ্টা করেও মালয়েশিয়ায় যেতে পারেননি তিনি। এখন শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগে সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

কেন এত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার বাজার? সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার কর্মী মালয়েশিয়ায় গেছেন। তবে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য দেশটির শ্রমবাজার বন্ধ হয়ে যায়। পরদিন ১ জুন থেকে নতুন করে বিদেশি কর্মী প্রবেশের সুযোগও বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার।

রাজধানীর নয়াপল্টনের ম্যানপাওয়ার ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। তার মতে, দেশটি দক্ষ ও অদক্ষ—উভয় ধরনের কর্মীই নেয় এবং সেখানে ওভারটাইমের সুযোগও রয়েছে।

তিনি জানান, মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত। ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকেও বাংলাদেশের সঙ্গে দেশটির অনেক মিল রয়েছে। ফলে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া অত্যন্ত আকর্ষণীয় একটি শ্রমবাজার।

ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি কাকরাইলের ব্যবসায়ী শফি উদ্দিন বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন শ্রমবাজারে অনিশ্চয়তার মধ্যে মালয়েশিয়ার বাজার খুলে যাওয়ার উদ্যোগ কর্মীদের পাশাপাশি ব্যবসায়ীদের জন্যও বড় স্বস্তির বিষয়। তার মতে, নিজে কাজ আনা এবং নিজ প্রতিষ্ঠানের নামে বিএমইটির ছাড়পত্র নেওয়ার সুযোগ থাকলে কর্মী পাঠানোর প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে।

তিনি অভিযোগ করেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার উদ্যোগ এলেই একটি চক্র নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। বৈধভাবে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হলে অবৈধ চক্রের দৌরাত্ম্য বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কা থেকেই ওই চক্রটি বিরোধিতা করে থাকে বলে দাবি করেন তিনি।

২৫ এজেন্সির তালিকা প্রকাশ এফডব্লিউসিএমএসের প্রকাশিত তালিকায় থাকা ২৫টি এজেন্সি হলো—বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

এ ছাড়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪০টি মেডিকেল সেন্টারের তালিকাও প্রকাশ করেছে এফডব্লিউসিএমএস।

সরকারের লক্ষ্য কম খরচে নিরাপদ অভিবাসন ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর জোর উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এরপর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের মালয়েশিয়া সফরের পর শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা আরও গতি পায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বায়রার সদস্যভুক্ত সব এজেন্সি যাতে কাজের সুযোগ পায়, সে চেষ্টা করছে সরকার। পাশাপাশি কম খরচে নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

তবে ২৫টি এজেন্সির তালিকা প্রকাশ এবং বিভিন্ন মহলে আশাবাদ তৈরি হলেও বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরুর তারিখ ও পূর্ণাঙ্গ প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে গমনেচ্ছুক কর্মীদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি নির্দেশনা ও অনুমোদিত প্রক্রিয়া সতর্কতার সঙ্গে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা: ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ

বিস্তারিত কমেন্টে