শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:২৮:১৪

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারী ও তিন পুরুষ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৫৭
শেয়ার: mail
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারী ও তিন পুরুষ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নজিরবিহীন বৈশ্বিক অস্থিতিশীলতা, যুদ্ধ এবং গভীর বাজেট সংকটের মধ্যে থাকা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন পাঁচ নারী ও তিন পুরুষ। বিশ্বের পরাশক্তিগুলোর ভিন্ন অবস্থানের কারণে প্রতিযোগিতায় কে এগিয়ে আছেন, তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তবে প্রার্থীদের সমর্থন যাচাইয়ের প্রাথমিক অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন। খবর এএফপি ও বাসসের।

জাতিসংঘের ভবিষ্যৎ মহাসচিব নির্বাচনে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ প্রার্থীদের মধ্যে একজনকে মনোনীত করবে এবং পরে তা সাধারণ পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে। নির্বাচিত হতে হলে কোনো প্রার্থীকে নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয় ৯টি ভোট অর্জনের পাশাপাশি স্থায়ী পাঁচ সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া) ভেটো এড়াতে হবে।

জাতিসংঘের শীর্ষ পদের ৮ প্রার্থী:

১. রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা): কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রধান। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি সচল রাখতে ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তিতে মধ্যস্থতা করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন।

২. মিশেল বাচেলেত (চিলি): চিলির সাবেক সমাজতন্ত্রী প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান। মেক্সিকো ও ব্রাজিল তাঁকে সমর্থন জানালেও নিজ দেশের বর্তমান প্রশাসনের সমর্থন তিনি পাননি।

৩. মারিয়া ফার্নান্দা এসপিনোসা (ইকুয়েডর): ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি। তিনি সম্ভাব্য বৈশ্বিক সংঘাত এড়াতে ‘আগাম সতর্কতা’ ব্যবস্থা চালুর ওপর জোর দিয়েছেন। অ্যান্টিগুয়া ও বারবুডা তাঁর প্রার্থিতা সমর্থন করেছে।

৪. রাফায়েল গ্রসি (আর্জেন্টিনা): আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বর্তমান প্রধান। ইরানের পরমাণু কর্মসূচি এবং ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র সংক্রান্ত সংকট পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

৫. ক্যারোলিন রড্রিগেস-বির্কেট (গায়ানা): গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে দেশটির বর্তমান রাষ্ট্রদূত। তিনি বৈশ্বিক মঞ্চে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের ওপর জোর দিচ্ছেন।

৬. ইভোনে এ-বাকি (ইকুয়েডর): ইকুয়েডরের বর্ষীয়ান কূটনীতিক ও টোঙ্গার মনোনীত প্রার্থী। ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।

৭. ম্যাকি সাল (সেনেগাল): সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ও আফ্রিকান ইউনিয়নের প্রস্তাবিত প্রার্থী। আঞ্চলিক আবর্তনের ঐতিহ্য অনুযায়ী এবার লাতিন আমেরিকা থেকে মহাসচিব হওয়ার কথা থাকলেও আফ্রিকার প্রতিনিধি হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

৮. ওলার ওতুন্নু (উগান্ডা): কফি আনানের অধীনে শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল এবং উগান্ডার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বর্ষীয়ান কূটনীতিক।

সূত্র: বাসস / এএফপি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারী ও তিন পুরুষ

বিস্তারিত কমেন্টে