শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫৪:২৮

বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:৪৭
শেয়ার: mail
বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভেনিস ও টরন্টোর পর এবার ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে পাড়ি জমাচ্ছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে লেখক, পরিচালক ও প্রযোজক রুবাইয়াত হোসেনের চতুর্থ এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের ৭০তম আসর আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

উৎসবের এবারের আসরে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে ১০টি সিনেমা। এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দ্য ডিফিকাল্ট ব্রাইড। লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় এর আগে কোনো বাংলাদেশি চলচ্চিত্র স্থান পায়নি। সেই ইতিহাস গড়ে প্রথমবার জায়গা করে নিল রুবাইয়াত হোসেনের এই সৃষ্টি।

এর আগে বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ভেনিস এবং কানাডার মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল ছবিটি।

লন্ডনের সেরা চলচ্চিত্রের পুরস্কারের লড়াইয়ে রুবাইয়াত হোসেনের সিনেমার সঙ্গে রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার লুক ব্যাক, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ইম্পেরিয়াম, যুক্তরাজ্যের ক্যারল মরলির ৭ মাইলস আউট, হাঙ্গেরির লিলি হরভাটের মাই নোটস অন মার্স, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের গ্ল্যাক্সো, আইরিশ নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললারের অ্যাক্ট ৩, ইতালির জিওভান্নি তরতোরিচির কেটিসে, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের দ্য ইডিয়টস এবং ডেনমার্কের মে এল-তুখির উইমেন আননোন।

দ্য ডিফিকাল্ট ব্রাইড একটি মনস্তাত্ত্বিক হরর ঘরানার চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে এর কাহিনি আবর্তিত হয়েছে। বিয়ের প্রস্তুতির জন্য পার্লারে আসা জাইনীন নামের এক তরুণী সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়ের এক রহস্যময় এবং অস্বস্তিকর জগতে কীভাবে জড়িয়ে পড়ে, তা-ই এতে ফুটিয়ে তোলা হয়েছে।

চলচ্চিত্রটির মূল শুটিং ২০২৫ সালের ৮ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত মোট ২৬ দিনে সম্পন্ন হয়। পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছে ফ্রান্সের প্যারিস ও পর্তুগালের লিসবনে এবং চূড়ান্ত শব্দ মিশ্রণ হয়েছে প্যারিসে।

ফ্রান্সের ল্য ফিল্মস দেলাপে-মিদি চলচ্চিত্রটির মূল প্রযোজক। সহ-প্রযোজনা করেছে পর্তুগালের মিদাশ ফিল্মেশ, বাংলাদেশের খনা টকিজ, নরওয়ের বারেন্টসফিল্ম এএস ও জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন। আন্তর্জাতিক বিক্রয়ের দায়িত্বে রয়েছে ফিল্মস বুটিক।

ছবিটিতে নামভূমিকায় অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। সহশিল্পী হিসেবে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধন, দামীর খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত চারজন নারীই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত।

ইউরিমাজ, ফ্রান্সের সিএনসি, পর্তুগালের আইসিএ, ইতালির ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ড, নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে আর্থিক সহায়তা পেয়েছে চলচ্চিত্রটি। ফোন্দাৎসিওনে প্রাদার প্রথম আসরে ১ হাজার ২০০ প্রকল্পের মধ্যে নির্বাচিত ১৪টির একটি এবং পোস্ট-প্রোডাকশন সহায়তাপ্রাপ্ত একমাত্র ছবি এটি।

বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের যৌথ প্রয়াসে নির্মিত এ ছবির চিত্রগ্রহণ করেছেন পর্তুগালের গোল্ডেন বেয়ারজয়ী সিনেমাটোগ্রাফার লিওনর তেলেস। আবহসংগীত পরিচালনা করেছেন জুলিয়া দুকুরনোর তিতানখ্যাত ব্রিটিশ কম্পোজার জিম উইলিয়ামস এবং সংগীত পরিচালনা করেছেন দামীর খান। সংগীত পরিচালক ছাড়া এ চলচ্চিত্রের প্রতিটি বিভাগের নেতৃত্বেই ছিলেন নারীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিস্তারিত কমেন্টে