লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহযোগিতায় এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসনকৃত নাগরিকদের অধিকাংশ মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে অনেকেই অপহরণ, মুক্তিপণ দাবি ও শারীরিক নির্যাতনের শিকার হন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভুক্তভোগীদের এই ভয়াবহ অভিজ্ঞতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক প্রবাসীকে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা (পকেট মানি), খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
kalprakash.com/IM