কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ সেনসেশন কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় এসেছে এই জুটির প্রেমের সম্পর্ক।
বর্তমানে ইউরোপ সফরের অংশ হিসেবে গ্রিসে অবকাশ যাপন করছেন ৫৪ বছর বয়সী ট্রুডো এবং ৪১ বছর বয়সী কেটি পেরি। সম্প্রতি গ্রিসের সাগরে একটি বিলাসবহুল নৌভ্রমণে তাঁদের অত্যন্ত সাবলীল ও রোমান্টিক মুহূর্তে দেখা যায়। সেই মুহূর্তের দৃশ্য প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে তাঁদের ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
২০২৫ সালের জুলাইয়ে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয় এবং একই বছরের ডিসেম্বরে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। পরবর্তীতে ২৫তম ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে একসঙ্গে রেড কার্পেটে হেঁটে নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক বার্তা দেন তাঁরা। ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেটি পেরি জানিয়েছিলেন, তিনি গভীরভাবে প্রেমে পড়েছেন এবং জীবনের এ পর্যায়ে নিজেকে অত্যন্ত স্থির ও আনন্দিত মনে করছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের শুরুতে সাবেক সঙ্গী অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানেন কেটি পেরি। অন্যদিকে, ১৮ বছরের দাম্পত্যের পর ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘটে সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। এবার গ্রিসে দুজনের এই প্রকাশ্য ঘনিষ্ঠতা তাঁদের সম্পর্কের গভীরতাকেই নতুন করে স্পষ্ট করল।
kalprakash.com/IM