আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি ও ৫১ বছরে পদার্পণ (সুবর্ণজয়ন্তী) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক করতোয়ার পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান।
অনুষ্ঠানে বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, সাবেক সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, একুশে টেলিভিশন ও মানবজমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী এবং দৈনিক করতোয়ার সুজানগর প্রতিনিধি তৌফিক হাসান।
সুধী সমাবেশে পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক অর্থ সম্পাদক ড. নরেশ মধু, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপনসহ জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং করতোয়ার জেলা-উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, দৈনিক করতোয়া গণমানুষের আস্থার একটি অনন্য প্রতীক, যাকে অনেকে ‘উত্তরাঞ্চলের ইত্তেফাক’ বলে থাকেন। সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক লালুর যোগ্য নেতৃত্বে পত্রিকাটি প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। দেশের চরাঞ্চল ও তৃণমূলের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে করতোয়া তার সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার যে উদাহরণ তৈরি করেছে, তা প্রশংসনীয়। ৫০ বছর পেরিয়ে আগামীতেও পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হয়ে টিকে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কেক কাটেন এবং উপস্থিত শুভানুধ্যায়ীদের মিষ্টিমুখ করান।
(ক্যাপশন: পাবনা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটছেন অতিথিরা। ছবি: ফোকাস বাংলা/সংগৃহীত)
kalprakash.com/IM