যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও দক্ষ বিতার্কিক গড়ে তোলার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস ডিবেটিং ক্লাব (আইএমএলডিসি)-এর উদ্যোগে দিনব্যাপী ‘বার্ষিক বিতর্ক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক সৌহার্দ্য দেবের সঞ্চালনায় আইএমএলডিসির মডারেটর ও সহযোগী অধ্যাপক ড. খন্দকার মোন্তাসির হাসান কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. খন্দকার মোন্তাসির হাসান বলেন, “বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটে। যুক্তির মাধ্যমে মতামত প্রকাশ এবং অপরের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মানসিকতা তৈরি হয় বিতর্কের মাধ্যমেই। এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার বলেন, “বিতর্ক কেবল তর্ক নয়; বরং সুনির্দিষ্ট যুক্তিভিত্তিক আলোচনা। শিক্ষার্থীদের ভাষাগত ও উপস্থাপন দক্ষতা অর্জনে এ জাতীয় চর্চা অত্যন্ত ফলপ্রসূ।”
সমাপনী বক্তব্যে ক্লাবের সভাপতি শিহাব হিফজু আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা যে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেছে, তা তাদের আগামীর বিতার্কিক জীবনে বিশেষ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এই কর্মশালায় তিনটি বিশেষ সেশনের মাধ্যমে প্রশিক্ষকেরা ‘সংসদীয় বিতর্কের আদ্যোপান্ত’, ‘প্রেপ টাইম স্ট্র্যাটেজি ও আর্গুমেন্টেশন’ এবং ‘মোশন এনালাইসিস ও ক্যারেক্টারাইজেশন’ বিষয়ে সেশন পরিচালনা করেন।
kalprakash.com/IM