বাগেরহাটে ১০ হাজার পিস ইয়াবাসহ নুরজাহান বেগম (৪৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বরকত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরজাহান বেগম পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন হিসেবে নুরজাহানের হাতে থাকা ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতরে নীল রঙের ৫০টি জিপারযুক্ত পলি প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
kalprakash.com/IM