শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | দুপুর ৩:৩৮:৩৫

উত্তরা গণভবনকে ঘিরে পূর্ণাঙ্গ পর্যটন হাব গড়ে তোলার ঘোষণা পর্যটনমন্ত্রীর

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৪৫
শেয়ার: mail
উত্তরা গণভবনকে ঘিরে পূর্ণাঙ্গ পর্যটন হাব গড়ে তোলার ঘোষণা পর্যটনমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী রাজবাড়ি উত্তরা গণভবনকে কেন্দ্র করে একটি আধুনিক ও সমন্বিত ‘পর্যটন হাব’ গড়ে তোলার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, “নাটোরে এমন এক অমূল্য ঐতিহ্যবাহী গণভবন রয়েছে, যা দেশের অনেক মানুষেরই এখনও অজানায়। ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই উত্তরা গণভবনে পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার ক্যাবিনেট বৈঠক পরিচালনা করেছেন। আশা করি, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও নাটোরে আসবেন এবং এখানকার সার্বিক সার্বিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের ১ হাজার ৪৯৮টি নিবন্ধিত পর্যটন স্পটের অভ্যন্তরীণ সম্ভাবনা উন্মোচন করার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার। আর এই সার্বিক উন্নয়ন কার্যক্রমের নতুন যাত্রা নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবন থেকেই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাটোরের পর্যটন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে মন্ত্রী বলেন, “উত্তরাঞ্চলজুড়ে নাটোর অন্যতম সম্ভাবনাময় এক পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও এখানে পর্যটকদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা ও মানসম্মত পরিষেবার ঘাটতি রয়েছে। আমরা এমন একটি বিশ্বমানের ‘ট্যুরিজম হাব’ গড়ে তুলতে চাই— যেখানে মানসম্মত হোটেল, জরুরি স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক পর্যটকবান্ধব সমস্ত অবকাঠামো এক ছাদের নিচে থাকবে।”

তিনি আরও যুক্ত করেন, সরকারের মূল লক্ষ্য হলো নিজ নিজ জেলা বা অঞ্চলেই সাধারণ মানুষের টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা, যাতে তাদের ভাগ্যান্বেষণে বারবার ঢাকামুখী হতে না হয়। প্রধানমন্ত্রীর নির্বাচনী বিশেষ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই পর্যটন খাতকে সারা দেশের প্রতিটি সম্ভাবনাময় প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward