সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ৯:৪৩:৩২

জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৪৫
শেয়ার: mail
জুলাইয়ে রেকর্ড বৃষ্টির পর আগস্টে তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার আশঙ্কা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একাধিক লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হয়েছে। তবে আগস্টে সামগ্রিকভাবে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির আগস্ট মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে উজানের ঢল ও স্থানীয় ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

জুলাই মাসের পরিসংখ্যান অনুযায়ী, ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বাকি সাতটি বিভাগেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে ৫৩ শতাংশ, চট্টগ্রামে ৫১ শতাংশ, সিলেটে ৩৭.৩ শতাংশ এবং ঢাকা বিভাগে ৩৩.৪ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ৮ জুলাই চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

মাসটিতে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করে।

আগস্টের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন এলাকায় এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

এ ছাড়া আগস্টে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রধান নদ-নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকলেও উজানের বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য নদীগুলোর তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বঙ্গোপসাগরে আরও কয়েকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার কিছু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward