‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন, বাঁচবে প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ৩০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পাবেন।
সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য মামুনুর রশীদ বলেন, বন্ধু রক্তদাতা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কার্যক্রমের প্রথম দিন আজ। আগামী কয়েক দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বাড়বে এবং নতুন সদস্য যুক্ত করার ক্ষেত্রে উদ্যোগটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির সভাপতি নাঈম ভূঁইয়া জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দুই হাজারের বেশি মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই নিয়মিত এ ধরনের আয়োজন করা হয়।
kalprakash.com/IM