রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। পরে যথাযথ যাচাই-বাছাই শেষে ৪৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জেলা পুলিশ, বিশেষ করে পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এবং সেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মোবাইল ফোনের মালিকরা বলেন, আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি দিন। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা আমরা অনেকেই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের আন্তরিক প্রচেষ্টা, দক্ষতা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, মোবাইল ফোন শুধু একটি যন্ত্র নয়; এতে ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি, স্মৃতি এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক তথ্য সংরক্ষিত থাকে। তাই ফোনগুলো ফিরে পেয়ে তারা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন।
এ সময় তারা রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জসহ সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, জনসেবামূলক এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি করবে।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাঙ্গামাটি জেলা পুলিশ প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে মানুষের পাশে থেকে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখবে।
kalprakash.com/IM