যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইউরোপের শক্তিশালী দল নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
ম্যাচটি ঘিরে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনেও বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। সামাজিক মাধ্যমে প্রিয় দল ব্রাজিলকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবং সংগীতশিল্পী পড়শী। তবে তাদের পোস্টে দেখা গেছে ভিন্ন দুই ধরনের প্রতিক্রিয়া।
ব্রাজিলের জার্সি পরা একটি ছবি ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি লিখেছেন, “ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!” আত্মবিশ্বাসী এই পোস্টের পর ভক্তরাও নানা মন্তব্যে সরব হয়ে ওঠেন। কেউ ব্রাজিলের জয়ের আশা প্রকাশ করেছেন, আবার কেউ নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের প্রসঙ্গ টেনে মজার মন্তব্য করেছেন।
অন্যদিকে সংগীতশিল্পী পড়শী ব্রাজিলের জার্সি পরে ফুটবল হাতে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “জিতবো আজ?” তার এই সংক্ষিপ্ত প্রশ্নে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন, আবার কেউ মজার ছলে ব্রাজিলের হার কিংবা গোল খাওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন।
বিশ্বকাপের নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে এখন ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে ব্রাজিল ও নরওয়ের লড়াইয়ে বাংলাদেশের সমর্থকদের চোখও থাকবে আজ রাতের ম্যাচে।
অনলাইন ডেস্ক 























