কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছায়া জাতিসংঘ (CoU Model United Nations)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান আবির।
শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মঈনুল হাসান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য হাসিন মাহাতাব মাহিন। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, অ্যালামনাই ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে শাহরিয়ার আহমেদ রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাবেয়া সুলতানা সাথী, কোষাধ্যক্ষ হিসেবে তানজিলা আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু বকর সিদ্দিক, শিক্ষা সম্পাদক হিসেবে মোহাম্মদ হাসিবুর রহমান নিলয় ও মোহাম্মদ আদনান, প্রতিনিধি বিষয়ক সম্পাদক হিসেবে নাদিরা জান্নাত চৌধুরী, প্রশাসন সম্পাদক হিসেবে মোহাম্মদ ইয়াসির হামিদ চৌধুরী, ইভেন্ট সেক্রেটারি হিসেবে মেহরাব হোসেন, অপারেশন সম্পাদক হিসেবে আহমেদ ফাহমিদ কাদের এবং ডকুমেন্টস অ্যান্ড মিডিয়া সম্পাদক হিসেবে নূর মোহাম্মদ পরশমণি দায়িত্ব পেয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মঈনুল হাসান বলেন, “সংগঠনের সামনে কিংবা পেছনে যারা কাজ করেন, সবার অবদানই সমান গুরুত্বপূর্ণ। নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করলেই একটি সংগঠন তার লক্ষ্য অর্জন করতে পারে। আমি আশা করি, নতুন নেতৃত্বও পূর্ববর্তী কমিটির ধারাবাহিকতা বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহাদী হাসান আবির বলেন, “কখনো ভাবিনি এই সংগঠনকে একদিন এই জায়গা থেকে দেখব। এখন চেষ্টা থাকবে, যেন আগামী প্রজন্মও এই সংগঠনকে নিয়ে একইভাবে গর্ব করতে পারে।”
নবনির্বাচিত সভাপতি তাহমিদ তাজওয়ার বলেন, “এই দায়িত্ব পাওয়ার আনন্দের চেয়ে এর দায়বদ্ধতাই এখন বেশি অনুভব করছি। যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। আমার ও আমার কমিটির মূল লক্ষ্য থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা আরও বিকশিত করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারে।”
সভাপতির বক্তব্যে হাসিন মাহাতাব মাহিন বলেন, “এই সংগঠনের সবচেয়ে বড় শক্তি এর বিস্তৃত নেটওয়ার্ক। আমাদের অনেক অ্যালামনাই এখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করছেন। নতুন নেতৃত্ব যে নিষ্ঠা, দায়িত্ববোধ ও পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেবে, সে বিষয়ে আমি আশাবাদী।”
উল্লেখ্য, ছায়া জাতিসংঘ বা মডেল ইউনাইটেড নেশনস (MUN) হলো জাতিসংঘের কার্যক্রমের আদলে পরিচালিত একটি শিক্ষামূলক অনুকরণমূলক সম্মেলন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধির ভূমিকায় বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা, বিতর্ক এবং সমাধানের প্রস্তাব উপস্থাপন করেন। এর মাধ্যমে নেতৃত্ব, কূটনীতি, গবেষণা ও যোগাযোগ দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।
কুবি প্রতিনিধি 


















