শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৭:২১

ইউএনওকে নিয়ে ‘মিথ্যা অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ, নিরাপদ কর্মপরিবেশের দাবি

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:০৬
শেয়ার: mail
ইউএনওকে নিয়ে ‘মিথ্যা অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ, নিরাপদ কর্মপরিবেশের দাবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুকে নিয়ে ঘুষ গ্রহণের অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা কর্মস্থলে নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, “একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও সাজানো অভিযোগ এনে তাঁর মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার চাই।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি আমাদের উদ্বিগ্ন করেছে। ঊর্মি নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনওর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।”

এ সময় ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, “গত দুই বছর ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলাম। কখনো তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শুনিনি। সংশ্লিষ্ট নারীর ছেলের জন্য উপজেলা পরিষদে কোনো আবেদনও করা হয়নি। তাই অভিযোগটি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাই।”

সমাবেশে বক্তারা বলেন, ইউএনও আফরোজ শাহিন খসরুকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও তাঁর সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ অভিযোগ আনা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

ইউএনওকে নিয়ে ‘মিথ্যা অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ, নিরাপদ কর্মপরিবেশের দাবি

বিস্তারিত কমেন্টে