সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৯:৫০

রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:১১
শেয়ার: mail
রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে যাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি। পরিবার-পরিজন নিয়ে কিংবা পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠাতে অনেকেই সকাল থেকেই স্টেশনে ভিড় করছেন।

স্টেশন ঘুরে দেখা যায়, কেউ পুরো পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের আগে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। অনেক যাত্রী জানিয়েছেন, হাতে সময় থাকায় ঈদের ঠিক আগের ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতেই তারা আগেভাগে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রী মিরাজ উর রহমান বলেন, তিনি কাউনিয়া স্টেশনে নামবেন। উত্তরবঙ্গের পথে ট্রেনই সবচেয়ে আরামদায়ক বাহন হওয়ায় ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি আরও বলেন, ঈদ সামনে এলেই বাড়ির টানটা যেন আরও বেশি অনুভূত হয়। দীর্ঘ পথের যাত্রায় ট্রেনে গেলে ক্লান্তিও তুলনামূলক কম লাগে।

অন্যদিকে জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী হুমায়ূন আহমেদ হিমু বলেন, ঈদের সময় ভিড় অনেক বেড়ে যায়। তাই আগেভাগেই মাকে ও ছোট বোনকে নিয়ে বাড়ি যাচ্ছেন। এরই মধ্যে ঈদের কেনাকাটাও শেষ করেছেন। তিনি জানান, এখন স্টেশনে তেমন কোনো ভিড় নেই। ছুটি শুরু হলে তার বাবা আগামী ১৭ মার্চ গ্রামের বাড়িতে যাবেন। একটু আগে তিনি নিজেই তাদের স্টেশনে পৌঁছে দিয়ে গেছেন। “ঈদের আনন্দ যেন এখান থেকেই শুরু হয়ে গেল,” বলেন তিনি।

এদিকে ঈদকে সামনে রেখে গত ১৩ মার্চ থেকে বিশেষ ব্যবস্থায় ট্রেনযাত্রা শুরু হয়েছে। আজ ট্রেনযাত্রার দ্বিতীয় দিন। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, স্টেশনের প্রবেশপথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশমুখে দুই দফায় টিকিট পরীক্ষা করে যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। টিকিট থাকলে যাত্রীদের কোনো ভোগান্তি নেই, তবে বিনা টিকিটে কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

দায়িত্বরত ট্রাভেলিং টিকিট এক্সামিনাররা (টিটিই) জানিয়েছেন, টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে কেউ যদি তিনটি টিকিট কাটেন কিন্তু পরিবারের সদস্য সংখ্যা চারজন হয়, সেক্ষেত্রে নির্ধারিত ভাড়ায় একটি স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।

তারা বলেন, ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, যাতে কোনোভাবেই বিনা টিকিটে কেউ স্টেশনে প্রবেশ করতে না পারে। এজন্য প্রবেশের সময় দুই দফায় টিকিট পরীক্ষা করা হচ্ছে।

আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৩০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনের মোট আসন সংখ্যা ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি এবং পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি আসন গত ৪ মার্চ অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৪ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

বিস্তারিত কমেন্টে