রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১৭:১১

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি: তথ্যমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:২১
শেয়ার: mail
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি: তথ্যমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, গণমাধ্যম ছাড়া আধুনিক জগতে সভ্যতার চর্চা করা যায় না। নির্বাচনী প্রতিশ্রুতিতে আমরা বলেছি, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা আমাদের কাজ, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সাংবাদিকদের আর্থিক অনুদান এবং  মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র ও সমাজের তৎপরতা মানুষের সামনে আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের কাজ। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য দায়িত্ব। দেশে ক্ষমতাসীনরা বারবার গণমাধ্যমকে তার নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে।

মন্ত্রী বলেন, আমাদের সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী ইতোমধ্যে জনগণের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণের কাজ চলছে এবং কৃষকদের কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা কেউ গাড়ি বা প্লট নেবেন না। সরকারের যাত্রার শুরুতেই আমরা যে কাজগুলো করেছি, তাতে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ ধারণা পেয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল করতে হলে এটিকে সময়োপযোগী করে ঢেলে সাজাতে হবে। সাংবাদিকদের জন্য নেওয়া উদ্যোগগুলো কোনো দয়া বা অনুদান নয়, বরং গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা।

মন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতিতে পড়ত না। আমরা জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে সকল সম্প্রচার মাধ্যমে মূল্যবোধভিত্তিক প্রচারণা জোরদার করার পরামর্শ দিয়েছেন।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাব পূর্ণাঙ্গভাবে নির্মাণের দায়িত্ব তিনি মন্ত্রী হিসেবে নিয়েছেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘যে অর্থ দেওয়া হচ্ছে, এটি কোনো অনুদান নয়, এটি সাংবাদিকদের প্রাপ্য। গত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সাংবাদিকরা কলম দিয়ে লড়াই করেছেন এবং বিজয়ী হয়েছেন। আমরা সাংবাদিক মাথা উঁচু করে বাঁচতে চাই।’

তিনি বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিও জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ছাড়া বাকি সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক অনুদান এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি: তথ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে