বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন শেলা নদীতে মাছের পোনা সংগ্রহ করতে গিয়ে কুমিরের হামলায় সেলিনা বেগম (৪৫) নামে এক নারী জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দরবনের জয়মনি এলাকার শেলা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেলিনা বেগম আরও দুই নারী জেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছের পোনা ধরতে যান। তারা শেলা নদীর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় জাল টেনে পোনা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ নদী থেকে একটি বড় আকৃতির কুমির উঠে এসে সেলিনার ওপর আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যেই কুমিরটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়।
ঘটনাটি দেখে সঙ্গে থাকা দুই নারী জেলে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। পরে তারা সাহসিকতার সঙ্গে জালের লাঠি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে কুমিরটিকে আঘাত করতে থাকেন। একপর্যায়ে কুমিরটি সেলিনাকে ছেড়ে দিলে তারা তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। তবে গুরুতর আহত হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছের পোনা আহরণের সময় কুমিরের হামলায় ওই নারী জেলের মৃত্যু হয়েছে।
নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
kalprakash.com/SAS
বাগেরহাট জেলা প্রতিনিধি 























