শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৭:০০

পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের অপেক্ষার অবসান: ইউরোপসেরা হওয়ার লড়াই আজ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৪৩
শেয়ার: mail
পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের অপেক্ষার অবসান: ইউরোপসেরা হওয়ার লড়াই আজ

সংগৃহীত ছবি

আজ ফুটবল বিশ্ব তাকিয়ে আছে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের ফাইনালের দিকে, যেখানে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় রাত ১০টায় শুরু হবে এই মহারণ, যেখানে একদিকে পিএসজির লক্ষ্য টানা আধিপত্য ধরে রাখা, অন্যদিকে আর্সেনালের স্বপ্ন প্রথমবারের মতো ইউরোপসেরা হওয়ার।

একসময় নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকায় ভরপুর থেকেও ইউরোপীয় শিরোপার স্বাদ পায়নি পিএসজি। তবে সেই অধ্যায় বদলে গেছে লুইস এনরিকের অধীনে। গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবারও তারা ফাইনালে উঠে এসেছে। আজ জিততে পারলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে টানা দুইবার ইউরোপসেরা হওয়ার ইতিহাস গড়বে ফরাসি ক্লাবটি।

অন্যদিকে দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফাইনালে পৌঁছেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছর পর শিরোপা জিতে আত্মবিশ্বাসে ভরপুর দলটি এবার ইউরোপের মঞ্চে ইতিহাস লেখার অপেক্ষায়। গত সেমিফাইনালেই পিএসজির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্সেনালের, তবে এবার পরিস্থিতি ভিন্ন।

পিএসজির আক্রমণভাগে উসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কেইয়ার গতি ও দক্ষতা বড় ভরসা। অন্যদিকে আর্সেনালের শক্তি বুকায়ো সাকার সৃজনশীলতা, কাই হাভার্টজের অভিজ্ঞতা এবং ভিক্টর ইয়োকেরেসের ফিনিশিং ক্ষমতা। মাঝমাঠে ডেক্লান রাইস, মার্টিন জুবিমেন্দি ও মার্টিন ওডেগার্ডের সমন্বয় আর্সেনালকে দিয়েছে নতুন ভারসাম্য ও আত্মবিশ্বাস।

ফাইনালের আগে পিএসজি কোচ লুইস এনরিকে আর্সেনালকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেছেন, অন্যদিকে আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ জানিয়েছেন, মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে।

ট্রফি ধরে রাখার লড়াইয়ে পিএসজি এবং ইতিহাস গড়ার মিশনে আর্সেনাল—দুই ভিন্ন লক্ষ্য, এক মঞ্চ। ফুটবলপ্রেমীরা আজ প্রত্যাশা করছে উত্তেজনাপূর্ণ, নাটকীয় ও স্মরণীয় এক ফাইনাল।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩০ মে ২০২৬ | Globe kalprakash.com

পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের অপেক্ষার অবসান: ইউরোপসেরা হওয়ার লড়াই আজ

বিস্তারিত কমেন্টে