ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামসেদ আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে তাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালে গুলশান থানায় এই মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। অভিযোগে বলা হয়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার ঘটনা ঘটে।
উল্লেখ্য, বিদিশা সিদ্দিক ২০০০ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি ছেলে রয়েছে, যার নাম শাহতা জারাব (এরিক এরশাদ)। পরবর্তীতে ২০০৫ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে এবং এরপর একাধিক আইনি জটিলতা ও মামলার মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
অনলাইন ডেস্ক 

























