দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (১১ মে) এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছে। এতে জনমনে বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে সরকারি স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























