ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মসূচি উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনের অনুমতি সাপেক্ষে কর্মসূচির সর্বোচ্চ ১০ দিন আগে প্রচার-প্রচারণার জন্য ব্যানার ও ফেস্টুন টাঙানো যাবে। তবে কর্মসূচি শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে ফেলতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের স্বাক্ষরিত বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানা যায়, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল ও শৃঙ্খলাপূর্ণ রাখতে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪১তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ব্যানার-ফেস্টুন সংক্রান্ত নির্দেশনার পাশাপাশি আরও পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের চালকদের আগামী ৭ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি প্রক্টর অফিসে জমা দিতে হবে। ছাত্রসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে অনুরোধ ছাড়া কোনো সংগঠনের নামে বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
এ ছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরে একটি মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি চলাচল করা যাবে না। মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে নিজ নিজ সংগঠনের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে সভাপতি ও সাধারণ সম্পাদকদের বলা হয়েছে।
পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সফল করার লক্ষ্যে ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করার বিষয়ে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠন একমত পোষণ করেছে।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, সহকারী প্রক্টর ড. লুৎফর রহমান, ড. আব্দুল বারী, ড. খাইরুল ইসলাম, ড. খোদেজা খাতুন, ড. আফরোজা বুলবুল ও আতিকুর রহমানসহ ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও ছাত্রশক্তিসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করি, সবাই এ সিদ্ধান্ত মেনে চলবে।