দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বিঘ্নিত করার চক্রান্ত এবং সব ধরনের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যরাতে কুবি ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভর নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, শেখ হাসিনা ও তাঁর পেটোয়া বাহিনীর দেশবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার প্রতিবাদের পাশাপাশি শিক্ষার্থীদের সতর্ক অবস্থানে থাকার জন্য কুবি ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশজুড়ে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সরকারবিরোধী চক্রান্ত, নাশকতা ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের হল ও অনুষদের নেতৃবৃন্দের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, এই মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় সিদ্ধান্ত মেনে আওয়ামী লীগের সব ধরনের অন্যায়, অত্যাচার ও অরাজকতা প্রতিহত করতে সর্বস্তরের নেতাকর্মীদের সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি।
কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ-সংক্রান্ত আইন ও সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষিদ্ধ সাংগঠনিক তৎপরতা, সহিংসতা, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে রাষ্ট্র ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও যোগ করেন, বাংলাদেশকে একটি বাসযোগ্য রাষ্ট্র হিসেবে বিনির্মাণ এবং বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনআকাঙ্ক্ষা শতভাগ পূরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সরকারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।