ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের রেজিস্ট্রেশন ও সনদপত্রের ফি নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে সমাবর্তনের জন্য গঠিত প্রচার উপকমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সমাবর্তনে অংশগ্রহণের ফি ছাড়াও সনদপত্রের জন্য আলাদা ফি দিতে হবে।
সনদপত্রের ফি হিসেবে স্নাতক (সম্মান) পর্যায়ের জন্য ৫০০ টাকা, স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের জন্য ৭০০ টাকা, এমফিলের জন্য ১ হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবর্তনে সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে। স্বামী বা স্ত্রী এবং পাঁচ বছরের কম বয়সী সন্তানের জন্য কোনো অতিথি ফি দিতে হবে না। তবে পাঁচ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।