আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। নির্বাচনী হাওয়া ও প্রতীক সমর্থন নিয়ে পরিবারের ভেতরেই সংঘাতের ঘটনা ঘটেছে।
ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনকে কেন্দ্র করে আপন ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আলী আক্তার গুরুতর জখম হয়েছেন।
২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে রুহিয়া থানার ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের উত্তরবঠিনা এলাকায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও উত্তাপ চলছে। এর মধ্যেই পরিবারের ভেতরে রাজনৈতিক মতবিরোধ দেখা দেয়। বিএনপি-সমর্থিত ধানের শীষ প্রতীকের সমর্থক বড় ভাই আলী আক্তার এবং জামায়াতে ইসলামী-সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক আপন ছোট ভাই আজহারুল ইসলাম (৩৫) ও আপন ভাগনে মাসুদ রানার (২৭) মধ্যে প্রতীক ও প্রার্থীর জয়-পরাজয় নিয়ে তর্ক হয়।
তর্কের একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে ছোট ভাই আজহারুল ইসলাম ও ভাগনে মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে বড় ভাই আলী আক্তারের ওপর চড়াও হন এবং তাঁকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।
পরিবারের ভেতরে এমন রাজনৈতিক সহিংসতার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এই উপনির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি কঠোর অবস্থানে থাকলেও পারিবারিক এই রেষারেষির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
kalprakash.com/IM