রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:১৮:৩১
শিরোনাম
● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ ● মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ● আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে: ট্রাম্প ● বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের, কাল ঘূর্ণিঝড়ের শঙ্কা ● অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম টানছে সরকার, বললেন প্রধানমন্ত্রী ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল, গ্রেপ্তার প্রায় ১ হাজার ● পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত ● ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ ● মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ● আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে: ট্রাম্প ● বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের, কাল ঘূর্ণিঝড়ের শঙ্কা ● অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম টানছে সরকার, বললেন প্রধানমন্ত্রী ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল, গ্রেপ্তার প্রায় ১ হাজার ● পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত ● ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি

ভোটের ৩ দিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় হাজারো ইসরায়েলি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৩৬
শেয়ার: mail
ভোটের ৩ দিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় হাজারো ইসরায়েলি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবার তেল আবিবে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

তিন দিন পর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলা প্রতিরোধে ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করার দাবিতে ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে। ওই হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে সংগঠনটি গঠিত হয়েছে। হামলার পরই গাজায় যুদ্ধ শুরু হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রধান চারটি বিরোধী দলের নেতারা বিক্ষোভে অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। জনমত জরিপে নেতানিয়াহুর সঙ্গে তাঁর সমর্থনের ব্যবধান খুবই কম। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সমাবেশের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, ‘নির্বাচনের তিন দিন আগে সত্য উদঘাটন, জবাবদিহি নিশ্চিত ও একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে তিন বছরের আন্দোলনের সমাপনী কর্মসূচি পালন করব আমরা।’

শুক্রবার রাতে নির্বাচনী প্রচারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপগুলোতে দেখা গেছে, ইসরায়েলের কোনো রাজনৈতিক জোটই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অবস্থানে নেই।

সরকারি সম্প্রচারমাধ্যম কানের প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, ইসরায়েলের পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেতে পারে ৫২টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেতে পারে ৫০টি আসন। বাকি আসনগুলো পেতে পারে আরব দলসহ অন্যান্য রাজনৈতিক দল, যারা কোনো জোটের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

এএফপির এক প্রতিবেদক জানান, হাজার হাজার বিক্ষোভকারী কেন্দ্রীয় রবিন স্কয়ার থেকে হোস্টেজেস স্কয়ারের দিকে মিছিল নিয়ে যান। জিম্মিদের মুক্তির দাবিতে অতীতে অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল ছিল এ স্থান।

বিক্ষোভ শুরুর আগে ৬৮ বছর বয়সী হাদাস ফয়েরস্টেইন এএফপিকে বলেন, ‘গত চার বছর ধরে যাঁরা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, ২০২২ সালের শেষ দিকে নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর থেকে, তাঁরা অত্যন্ত খারাপ কাজ করেছেন।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি, যেমনটি এখন হয়েছে।’

সমাবেশের আগে অক্টোবর কাউন্সিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে জানায়, সরকারপন্থী কিছু ব্যক্তি বিক্ষোভে উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

শনিবার সন্ধ্যায় ইসরায়েলি পুলিশ জানায়, তেল আবিবে একজন বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তাকর্মীদের ওপর হামলার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা নাফতালি বেনেট।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে ইসরায়েলের নাগরিক সমাজ ও বিরোধী দলগুলো। তবে নেতানিয়াহুর সরকার এ ধরনের স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অতীতে বড় ধরনের রাষ্ট্রীয় ব্যর্থতা তদন্তে ইসরায়েলে এ ধরনের কমিশন গঠনের নজির রয়েছে।

এর পরিবর্তে সরকার একটি ‘রাজনৈতিক’ তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, কমিশনের অর্ধেক সদস্য নিয়োগ করবেন ক্ষমতাসীন জোটের প্রতিনিধিরা এবং বাকি অর্ধেক নিয়োগ দেবেন বিরোধী দলের আইনপ্রণেতারা। তবে বিরোধী নেতারা জানিয়েছেন, রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া কোনো কমিশনে তাঁরা অংশ নেবেন না।

নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে রোববার সন্ধ্যায় তেল আবিবে পৃথক নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে আইজেনকোট ও বেনেটের।

সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ভোটের ৩ দিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় হাজারো ইসরায়েলি

বিস্তারিত কমেন্টে