রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলাসহ সাতটি মামলার আসামি ও কিশোর গ্যাং লিডার ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা।
তিনি জানান, ‘কেন্তা ফিরোজের’ বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফিরোজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর আরেকটি হত্যা মামলা এবং ২০২৫ সালের ২৯ অক্টোবর মারামারি, অনধিকার প্রবেশ, চুরি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে।
এ ছাড়া ২০২০ সালের মে মাসে মারামারি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবং ২০১৮ সালের মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ২০২০ সালের মার্চে দায়ের করা আরেকটি মামলায় মারামারি, হত্যাচেষ্টা, গুরুতর জখম ও চুরির অভিযোগ রয়েছে। ২০১৯ সালের মে মাসেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
kalprakash.com/IM