দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম স্বর্ণা আক্তার (২৩)। তিনি ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী। নিহত দুই সন্তান হলো সাফায়েত হোসেন (৪) ও রাইসা আক্তার (২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শাকিল হোসেন পেশায় একজন রিকশাচালক। তিনি মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার বিকেলেও একই বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়। পরে শাকিলসহ পরিবারের অন্য সদস্যরা বাজারে গেলে স্বর্ণা তাঁর দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়দের ধারণা, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বর্ণা প্রথমে দুই সন্তানকে হত্যা করেন। পরে ঘরের বর্গার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন কাজী বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা বাজারে গেলে স্বর্ণা তাঁর চার বছর বয়সী ছেলে সাফায়েত ও দুই বছর বয়সী মেয়ে রাইসাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনার প্রকৃত কারণ জেনে পরে বিস্তারিত জানানো হবে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
kalprakash.com/IM