জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ লাখ ৮১ হাজার ২৬ জনে। এটি গত বছরের ডিসেম্বরের তুলনায় ১ লাখ ৫৫ হাজার ৬৩১ জন বা ৩ দশমিক ৮ শতাংশ বেশি। ফলে জাপানের মোট জনসংখ্যার ৩ দশমিক ৪৮ শতাংশ এখন বিদেশি বাসিন্দা।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির (আইএসএ) পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যানে দেখা যায়, বসবাসের অনুমতির ধরন অনুযায়ী জাপানে সবচেয়ে বেশি রয়েছেন স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিরা। তাঁদের সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ৩০০ জন। এরপর রয়েছেন প্রকৌশলী, মানবিক বিষয়ে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সেবায় কর্মরত ৫ লাখ ১৬ হাজার ২০০ জন। এ ছাড়া দেশটিতে শিক্ষার্থী রয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৬০০ জন।
জাপানে বিদেশি বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছেন চীনের নাগরিক। তাঁদের সংখ্যা ৯ লাখ ৪১ হাজার। এরপর ভিয়েতনামের ৬ লাখ ৯৩ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ার ৪ লাখ ৮ হাজার ৭০০ এবং ফিলিপাইনের ৩ লাখ ৬২ হাজার ৮০০ নাগরিক রয়েছেন।
অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি বিদেশি বাসিন্দা রয়েছেন রাজধানী টোকিওতে। সেখানে বসবাস করছেন ৮ লাখ ২৪ হাজারের বেশি বিদেশি নাগরিক। এরপর রয়েছে ওসাকা, আইচি, কানাগাওয়া ও সাইতামা প্রদেশ।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে ১ কোটি ৯৭ লাখ ৭ হাজার বিদেশি নাগরিক জাপান সফর করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২১ হাজার ৫০০ কম। এ ছাড়া অস্থায়ী সফরসহ বিভিন্ন ধরনের অনুমতি নিয়ে আসা বিদেশি নাগরিকের সংখ্যাও কমেছে। গত বছরের অক্টোবরে এ ধরনের অনুমতি পাওয়ার শর্ত কঠোর করা হয়েছিল। এর প্রভাবেই সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে গত ১ জুলাই পর্যন্ত জাপানে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও ৬৫ হাজার ২০০ বিদেশি নাগরিক দেশটিতে অবস্থান করছিলেন। এটি গত জানুয়ারির হিসাবের তুলনায় ৩ হাজার ৩০০ কম।
সূত্র: দ্য টাইমস অব জাপান
kalprakash.com/IM