পথশিশুদের কীভাবে পথ থেকে ঘরে নেওয়া যায়, ধীরে ধীরে সেটার ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে ‘শিশুশ্রম নিয়ে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘১৪ বছরের নিচে কোনো শিশু যাতে বাসাবাড়িতে কাজ না করে, ব্যক্তিপর্যায়ে সেই উদ্যোগ নিতে হবে। শিশুরা যখন নির্যাতিত হয়, আইনের মারপ্যাঁচে অপরাধীরা বেরিয়ে যায়। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ নিরসনে গণসচেতনতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। শিশুদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তা ছাড়া বর্তমান সরকারের রোডম্যাপ বাস্তবায়নে এনজিও কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে।’
এ সময় প্রধানমন্ত্রীর ছোট ছোট উদ্যোগগুলোকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিশুশ্রম নিয়ে কাজ করে এমন বিভিন্ন সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা নিজেদের বিভিন্ন মতামত ও তথ্য তুলে ধরেন।
kalprakash.com/IM