সহ-পাইলটের ছুরিকাঘাতে মাথা ও হাতে গুরুতর জখম হন ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। ক্ষত থেকে প্রচুর রক্ত ঝরছিল। বিমানের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি। কিন্তু মৃত্যুর মুখেও জ্ঞান হারাননি। বরং আহত অবস্থাতেই ককপিটের দরজা খুলে দেন তিনি। এরপর ছুটে আসেন বিমানে থাকা একমাত্র চিকিৎসক, যিনি পেশায় একজন দন্তচিকিৎসক।
ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন বিমানে থাকা দন্তচিকিৎসক মুসায়েভ শোতা। তিনি জানান, পরিস্থিতি বুঝতে পেরে এক মুহূর্তও দেরি করেননি। দ্রুত ককপিটের দিকে ছুটে গিয়ে দেখেন, গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন পাইলট মাচ্ছার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে কাবু করে আটকে রাখার পর আহত পাইলটের চিকিৎসা শুরু করেন শোতা।
শোতা বলেন, ‘আমি অপেক্ষা করিনি। বুঝতে পারলাম কিছু একটা ভুল হয়েছে এবং দৌড়ে যাই। সেখানে গিয়ে দেখলাম, মাচ্ছারের অবস্থা তখন খুবই খারাপ ছিল। তাঁর মাথা ও হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।’
রক্তপাত বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেন তিনি। কিন্তু মাচ্ছারের ক্ষত এতটাই গভীর ছিল যে পরিস্থিতি ছিল ভয়াবহ। শোতার ভাষায়, ‘পাইলটের মাথা ও হাতের ক্ষত এত গভীর ছিল যে সেগুলো প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো দেখাচ্ছিল।’
অতিরিক্ত রক্তক্ষরণে মাচ্ছারের অবস্থা গুরুতর হয়ে উঠেছিল। তবে পুরোপুরি অচেতন হয়ে যাননি তিনি। এমনকি রক্তাক্ত অবস্থায় বিমানের মেঝেতে পড়ে থেকেও যাত্রীদের সঙ্গে কথা বলছিলেন। যাত্রীদের তিনি জানান, তাঁর বয়স ৩৯ বছর এবং তাঁর দুই সন্তান রয়েছে। শোতার ভাষ্য অনুযায়ী, হামলাকারী তাঁকে ছুরিকাঘাত করার পাশাপাশি গালাগালও করেছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসকে শোতা জানান, আহত পাইলট পুরো সময় প্রার্থনা করছিলেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একপর্যায়ে তাঁকে হারানোর আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত জরুরি অবতরণই হয়ে ওঠে বড় স্বস্তি।
বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করার পর সৌদি চিকিৎসাকর্মীরা মাচ্ছারের চিকিৎসার দায়িত্ব নেন। পরে তাঁদের কাছ থেকেই শোতা জানতে পারেন, পাইলট বেঁচে গেছেন এবং বিপদমুক্ত হয়েছেন।
এদিকে রিয়াদে ভারতের দূতাবাস ও জেদ্দায় ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, ক্যাপ্টেন মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর তারা নিবিড় নজর রাখছে। তিনি উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তথ্যে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, মাচ্ছারের পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাঁর চিকিৎসা ও সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
kalprakash.com/IM