পপ তারকা শাকিরার গান মানেই বিশ্বজুড়ে আলাদা উন্মাদনা। তাঁর মঞ্চে ওঠার অপেক্ষায় থাকেন অগণিত অনুরাগী। এবার তাঁদের জন্য এল বড় সুখবর। প্রথমবারের মতো নিজের একটি সম্পূর্ণ কনসার্ট বিশ্বজুড়ে লাইভ স্ট্রিম করতে চলেছেন শাকিরা।
জানা গেছে, মাদ্রিদ থেকে তাঁর এ বিশেষ কনসার্ট সরাসরি দেখতে পাবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা।
অ্যামাজন মিউজিকের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানের নাম ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’।
আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে সরাসরি সম্প্রচারিত হবে শাকিরার কনসার্ট। এটি তাঁর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বের সঙ্গে যুক্ত।
জানা গেছে, কনসার্টটি দেখার জন্য আলাদা কোনো সাবস্ক্রিপশন লাগবে না। অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভিতে অ্যামাজন মিউজিক অ্যাপ এবং টুইচে অ্যামাজন মিউজিক চ্যানেল—এসব প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানটি দেখা যাবে।
kalprakash.com/IM