পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, তাঁরা শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন। নাশকতার অংশ হিসেবেই মাইক্রোবাসে করে এসে শহরের মধ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের আইনি ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।
৫ আগস্ট-পরবর্তী সময়ে এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেন। এ সময় আট পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে আবার গ্রেপ্তার করে পুলিশ।
পরে জামিনে বেরিয়ে এসে সুজানগর এলাকায় আবারও আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব ও তাঁর সমর্থকেরা। এরপর চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতব্যাপী উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনার কয়েক সপ্তাহ পরই তাঁরা জামিনে মুক্তি পান।
kalprakash.com/IM