চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নিয়মিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ কমিশনার সরাসরি সাধারণ সেবাপ্রত্যাশীদের মুখোমুখি হয়ে তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক আইনি সমাধানের ব্যবস্থা করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত সেবাগ্রহীতাদের বিভিন্ন নাগরিক ভোগান্তি, আইনি জটিলতা ও অভিযোগের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
নাগরিকদের বক্তব্য শুনে কমিশনার সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার স্পষ্ট নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত একাধিক সেবাপ্রত্যাশী তাদের উত্থাপিত সমস্যার তাৎক্ষণিক প্রতিকার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ কমিশনারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন।
এছাড়া উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির বিভিন্ন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাধারণ নগরবাসী এতে অংশ নেন।
kalprakash.com/IM