সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টা থেকে ১টা ২০ মিনিটের মধ্যে এ বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে দ্রুতগতিতে ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করাসহ পুলিশের অভিযান চলছে। ঘটনার পরপরই সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণহত্যার মামলায় ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাতসহ সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
kalprakash.com/IM