দেশে যেমন অপশক্তি আছে, শুভ শক্তিও আছে; আবার দেশের বাইরেও অপশক্তি ও শুভ শক্তি রয়েছে। তবে দেশের বাইরে অবস্থান করেও অপকর্ম ঘটিয়ে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, এ ঘটনায় সরকারের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে যুগান্তকারী বক্তব্য রেখেছেন। আমি নিজেও বাঁধনের সঙ্গে কথা বলেছি। তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুবিচার হবে। দেশে কিংবা দেশের বাইরে যেখানেই হোক, শিল্পীদের হেনস্তার ঘটনায় সরকার কখনো দায় এড়াতে চায়নি।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বিভিন্ন অপরাধ নির্মূলে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের বিভিন্ন অনিয়ম রুখতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সভায় আরও অংশ নেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
kalprakash.com/IM