চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেছেন, প্রতিবেশী একটি রাষ্ট্র নিজেদের বন্ধু দাবি করলেও তারা চায় বাংলাদেশের মেধাবী মানুষ, সরকার ও নীতি-নির্ধারকেরা তাদের কাছে মাথা নত করুক এবং জাতি হিসেবে আমরা গোলামির শৃঙ্খলে আবদ্ধ থাকি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে চাকসু ভিপি বলেন, তারা কেবল পহেলা বৈশাখের আগে যখন ইলিশ মাছের প্রয়োজন হয়, তখন আমাদের বন্ধু সাজে। ফারাক্কা বাঁধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখন দেশে বন্যা বা অতিবৃষ্টি থাকে না, তখন হঠাৎ করে বাঁধের পানি ছেড়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত করা হয়। আবার যখন সেচের জন্য পানির প্রয়োজন হয় এবং দেশের নদ-নদী শুকিয়ে যেতে থাকে, তখন উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনই বাঙালি জাতিকে একটি শক্তিশালী জাতিতে পরিণত করেছে। এ জাতির ঐক্য ও শক্তির কাছে শুধু পার্শ্ববর্তী রাষ্ট্র নয়, বিশ্বের যেকোনো পরাশক্তিও পরাজিত হতে বাধ্য।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, ইসলাম কখনো কঠোর বা উগ্র নীতিতে বিশ্বাসী নয়, বরং সবসময় মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয়। পোশাকের শালীনতা বজায় রেখে নারীরা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আত্মনিয়োগ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
বাগাতিপাড়া থানা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন এবং নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি প্রমুখ।
kalprakash.com/IM