ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে ২৪০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জাভা সাগরে নিখোঁজ ওই জাহাজটির সন্ধানে জোর তৎপরতা ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কালিমন্তন প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের যাত্রীবাহী জাহাজটির যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের উদ্দেশে যাওয়ার পথে এ সংকট তৈরি হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল জাভা সাগরে। বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে অবস্থানকালে সেটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বানজারমাসিনের উদ্ধারকারী সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকর্মীদের সম্ভাব্য ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। এছাড়া তল্লাশি অভিযান নিবিড়ভাবে পরিচালনার জন্য ত্রিসাক্তিতে একটি নিয়ন্ত্রণ ও সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে সংকেত পাওয়ার পরই জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরিচালনাকারী প্রতিষ্ঠানের তথ্যমতে, পথিমধ্যে জাহাজটি চরম বৈরী আবহাওয়ার মুখে পড়েছিল।
সূত্র: এনডিটিভি
kalprakash.com/IM