সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের চার বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্য চার বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজধানী ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। শনিবার ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৮ শতাংশ। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।
তাপমাত্রার পরিসংখ্যানে জানা গেছে, গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
kalprakash.com/IM