এক ছাদের নিচে মোটরবাইক কিংবা গাড়ি কেনাবেচার বিশেষ সুযোগ নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘সুপার সেল কার বাজার’। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনাবেচার আসর এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে বসবে।
কোনো ধরনের বাড়তি ঝক্কিঝামেলা ছাড়াই এখানে পছন্দের বাইক কিংবা চার চাকার গাড়ি সরাসরি যাচাই করে কিনতে পারছেন ক্রেতারা। পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত যানবাহনও সরাসরি সম্ভাব্য ক্রেতার কাছে বিক্রির সুযোগ মিলছে। উদ্বোধনী দিনেই এই ব্যতিক্রমী আয়োজন নগরবাসীর ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।
ক্রেতা-বিক্রেতাদের জন্য আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পূর্বঘোষণা অনুযায়ী আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকছে এই বাজারে।
উদ্যোক্তারা জানিয়েছেন, দেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক ও সুশৃঙ্খল মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা এক স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার এবং তুলনামূলক যাচাই করার সুবিধা পাচ্ছেন। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি প্রকৃত ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।
‘সুপার সেল কার বাজার’-এর আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং এর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এই আয়োজনে বিভিন্ন অটোমোবাইল ব্র্যান্ড, অনুমোদিত ডিলারশিপ, অর্থায়নকারী আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিমালিকানাধীন নতুন ও ব্যবহৃত যানবাহনের স্টল অংশ নিচ্ছে, যেখানে থাকছে বিশেষ মূল্যছাড়ের সুযোগ।
kalprakash.com/IM