পাবনার সাঁথিয়া উপজেলায় আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা মরদেহটি নিখোঁজ আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুকুর থেকে আব্দুল আজিজের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
ছবির ক্যাপশন: নিহত আব্দুল আজিজের স্বজনদের আহাজারি। মঙ্গলবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাছ গ্রামে। ছবি: নিজস্ব।
kalprakash.com/IM