গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন যাত্রী। তাঁদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি বাস। পথিমধ্যে মহাসড়কের গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে ব্রিজের গভীর খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও হতাহতদের উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
kalprakash.com/IM